ইতিহাস
নিউজ ডেস্ক
শেয়ার করুন
প্রচ্ছদ নিবন্ধ ও ডেসপ্যাচ
- প্রকাশের তারিখ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | রাত ১১:১৫ (বিএসটি)
- গবেষণা ও পরিকল্পনা: গবেষণা ও সত্যতা যাচাই বিভাগ (Fact-check & Research Desk)
- সম্পাদনায়: বিডিএস বুলবুল আহমেদ
- বিভাগ: ইতিহাস ও বিশ্ব সংস্কৃতি / বিশেষ বিশ্লেষণাত্মক ফাইল
নরবলি কী? এর ইতিহাস কেমন?
বিশ্বের ইতিহাসে বিভিন্ন সময় যেসব বিষয় মনুষ্যত্বকে কলঙ্কিত করেছে, ‘নরবলি’ সেগুলোর মাঝে নিঃসন্দেহে শীর্ষস্থানীয়। সেই খ্রিস্টপূর্ব সময়কাল থেকে শুরু করে এই একবিংশ শতকেও পাওয়া গেছে নরবলির বিভিন্ন নমুনা। তেমনই কিছু ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের এ লেখাটি।
১. কার্থেজ
প্রাচীন বিশ্বে অন্যতম সমৃদ্ধিশালী এবং একইসাথে ক্ষমতার অধিকারী ছিলো কার্থেজের অধিবাসীরা। কিন্তু এরপরও তাদের মাঝে এমন কিছু অদ্ভুত রীতিনীতি প্রচলিত ছিলো যা তৎকালীন অনেকের কাছেই বেশ বর্বর হিসেবে ঠেকতো। এর মাঝে অন্যতম ছিলো শিশুবলি দেয়া। বিশেষজ্ঞদের মতে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই তারা সেসব করতো। আরেকদিক দিয়ে ঘৃণ্য এ কাজটি তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। কার্থেজের ধনী লোকেরা তাদের সম্পত্তির সুরক্ষার জন্য নিজেদের সন্তানদেরকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতো।
Source: Dennis Jarvis/Flickr
অনেকেই অনুমান করে থাকেন ৮০০ থেকে ১৪৬ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত (এ সময় রোমানরা কার্থেজ দখল করে নেয়) কার্থেজের আনুমানিক ২০,০০০ শিশুকে হত্যা করা হয়েছিলো ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতে গিয়ে। তবে এ মতের বিরোধীতাও করে থাকেন অনেক ঐতিহাসিক। তাদের মতে সেই শিশুদের অনেকে প্রাকৃতিক কারণেই মারা গিয়েছিলো।
২. ইসরায়েল
বিশেষজ্ঞদের মতে, নরবলি প্রচলিত ছিলো প্রাচীন ইসরায়েলেও। সেখানকার অধিবাসীরা তাদের শিশুদেরকে পুড়িয়ে এ বলিদানের কাজটি সারতো। আর যে দেবতার উদ্দেশ্যে এমনটি করা হতো, তার নাম ছিলো মলোখ। তবে তাদের সবাই যে এমনটা করতো সেটা না। এক গুপ্ত সংঘের সদস্য, যারা মলোখকে তাদের দেবতা হিসেবে মানতো, তারাই এমনটা করে থাকতো।
Source: TopTenz
তবে এ বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করে থাকেন অনেক ইতিহাসবিদই। তাই আজও এর সত্যতা রহস্যাবৃতই রয়ে গেছে।
৩. এট্রুস্কান সভ্যতা
প্রাচীন ইতালির বেশ সম্পদশালী ও ক্ষমতাবান এক সভ্যতার নাম এট্রুস্কান। টুস্কানি, পশ্চিম আম্ব্রিয়া ও উত্তর লাজিওতে ছিলো তাদের বসবাস। মূলত কৃষিকাজ ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমেই জীবিকা উপার্জন করতো তারা। কার্থেজ ও গ্রীসের সাথে তাদের বাণিজ্যিক সুসম্পর্ক বজায় ছিলো। পাশাপাশি বিভিন্ন খনিজ দ্রব্যও তাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতো।
Source: TopTenz
এমন একটি সভ্যতার মাঝেও যে নরবলির মতো বিষয়টি প্রচলিত থাকবে, তা অনেক ইতিহাসবিদই মানতে চান নি। তবে ইউনিভার্সিটি অফ মিলানের একদল প্রত্নতত্ত্ববিদের গবেষণায় সেটারও প্রমাণ পাওয়া গিয়েছিলো। টার্কুইনিয়াতে তারা এমন কিছু বলি দেয়া মানুষের কবরের সন্ধান পেয়েছিলেন। এদের মাঝে ছিলো শিশু ও প্রাপ্তবয়স্করা যারা অসুস্থ, নিম্ন সামাজিক মর্যাদাসম্পন্ন কিংবা ভিনদেশী ছিলো।
৪. চীন
নরবলির বিষয়টি প্রাচীন চীনে বেশ সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছিলো। এর সবচেয়ে বেশি বিস্তৃতি ঘটেছিলো শ্যাং রাজবংশের শাসনামলে। তখন অবশ্য এত বৃহৎ পরিসরে সংঘটিত নরবলির দুটো উদ্দেশ্য ছিলো- রাজনৈতিক প্রতিপক্ষকে খতম করা এবং স্রষ্টার মনোরঞ্জন করা।
Source: Chinese Cultural Relics
চীনের সেই নরবলিগুলো হতো তিন রকমের। মাটিতে গর্ত করে উৎসর্গ করা হতো যুবকদের। তাদের সবারই অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা থাকতো, সাথে থাকতো না নিজেদের ব্যবহার্য কোনো জিনিসও। বিভিন্ন স্থাপনায় বলি দেয়া হতো শিশুদের। তাদের মৃত্যুটা কার্যকর করা হতো বেশ মর্মান্তিক উপায়ে। কিছুটা আলাদা জায়গায় বলি দেয়া হতো কিশোরী ও তরুণীদের। অবশ্য প্রথম দু’শ্রেণীর মতো তাদের মৃতদেহের করুণ অবস্থা হতো না। দুর্ভাগা সেই কিশোরী ও তরুণীদের মৃতদেহের সৎকার ঠিকমতোই করা হতো।
৫. হাওয়াই
এককালে হাওয়াইয়ের অধিবাসীরা মনে করতো নরবলি দেয়ার মাধ্যমে তারা যুদ্ধ ও প্রতিরক্ষার দেবতা ‘কু’-এর আশীর্বাদ লাভ করতে পারবে, প্রতিপক্ষকে হারাতে পারবে নানা যুদ্ধে। এ আশায় তাদের মন্দিরগুলোতে চলতো নরবলি, যেটিকে তারা বলতো ‘হেইয়াউ’। সাধারণত বিভিন্ন প্রতিপক্ষ গোত্রের শীর্ষস্থানীয় ব্যক্তি, যারা যুদ্ধে বন্দী হয়েছিলেন, তাদেরকেই বলি দেয়ার জন্য বেছে নেয়া হতো।
Sourcce: TopTenz
এজন্য সেই দুর্ভাগাকে কোনো কাঠের ফ্রেমে প্রথমে উল্টো করে ঝোলানো হতো। তারপর তাকে এমনভাবে পেটানো হতো যে তাতেই বেচারার প্রাণপাখি উড়াল দিতো। অতঃপর লোকটির নাড়িভুঁড়ি বের করে ফেলা হতো। বলি কিন্তু ততক্ষণে মাত্র অর্ধেক সম্পন্ন হয়েছে। এবার সেই মৃতদেহ হয় রান্না করা হতো কিংবা কাঁচা খাওয়া হতো। খাদকদের মাঝে থাকতেন পুরোহিত ও গোত্রপতিরা।
৬. মেসোপটেমিয়া
বর্তমান ইরাকের অধিকাংশ, কুয়েত, সিরিয়ার পূর্বাঞ্চল, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং তুর্কি-সিরীয় ও ইরান-ইরাক সীমান্তবর্তী অঞ্চলগুলো এককালে মেসোপটেমিয়ার অংশ ছিলো। এখানকার অধিবাসীদের মাঝেও নরবলির প্রথা প্রচলিত ছিলো। রাজসভার সভাসদবর্গ, যোদ্ধা ও চাকরদেরকে তাদের মালিকের সাথে কবর দেয়া হতো যেন পরকালেও তারা তাদের মালিকের সেবা-যত্ন করতে পারে। যোদ্ধাদের সাথে তাদের অস্ত্রশস্ত্র দিয়ে দেয়া হতো, অপরদিকে চাকরদের মাথায় শোভা পেতো পাগড়ি।
অনেকদিন ধরেই ঐতিহাসিকেরা মনে করতেন এই লোকগুলোকে মারতে বিষ ব্যবহার করা হতো। কিন্তু পরবর্তীতে এ ধারণাটি ভুল প্রমাণিত হয়েছে। দুর্ভাগা সেই মানুষগুলোকে মারতে তাদের মাথায় বর্শা ঢুকিয়ে দেয়া হতো!
৭. অ্যাজটেক
নরবলির পেছনে অ্যাজটেকদের দর্শন ছিলো বেশ অদ্ভুত। তারা মনে করতো তাদের দেয়া এই নরবলিই সূর্যকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে! বলির শিকার হওয়া মানুষের রক্তকে তারা বেশ পবিত্র মনে করতো। তাদের বিশ্বাস ছিলো এই রক্ত তাদের সৌরদেবতা হুইতজিলোপোখ্তলির রাগ প্রশমন ও পুষ্টির জন্য অতীব প্রয়োজনীয়।
Source: More Than A Magazine | Sia Magazin
অ্যাজটেকদের নরবলি দেয়ার প্রথাটা ছিলো বেশ ভয়াবহ। এতে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি যুদ্ধবন্দীদেরও ব্যবহার করা হতো। কখনো কখনো বলি দিতে চাওয়া মানুষটিকে প্রথমে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো মন্দিরে। সেখানে অবস্থানরত পুরোহিত লোকটির গলা থেকে শুরু করে একেবারে পেট পর্যন্ত চিরে ফেলতেন! এরপর লোকটির হৃদপিণ্ড উৎসর্গ করা হতো দেবতার উদ্দেশ্যে। অন্যদিকে দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলা হতো।
৮. মিশর
Source: The Ancient Egypt Site
এককালে প্রাচীন মিশরেও প্রচলিত ছিলো নরবলির এ প্রথা। সেখানে একজন দাস বা ফারাওয়ের কোনো গুরুত্বপূর্ণ সঙ্গীকে তার সাথে কবর দেয়া হতো যেন মৃত্যু পরবর্তী জীবনেও তিনি তার মনিবের সেবা করে যেতে পারেন। ইজিপ্টোলজিস্ট জর্জ রেইজনার জানিয়েছেন, রাজা জার ও আহার কবরগুলো তাদের ভৃত্যদের দিয়ে পরিপূর্ণ ছিলো। সেই ভৃত্যদের সাথে দেয়া হয়েছিলো বিভিন্ন দরকারি জিনিসপত্র যাতে পরকালে মনিবের সেবা করতে কোনোরুপ অসুবিধা না হয়!
৯. ইনকা
ইনকা সভ্যতার লোকেরা স্রষ্টার সন্তুষ্টির নিমিত্তে নরবলি দিতো। এজন্য তারা সবচেয়ে বেশি ব্যবহার করতো শিশুদের। প্রায়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, বন্যা ইত্যাদি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতো ইনকা সাম্রাজ্য। তারা মনে করতো কেবলমাত্র নরবলির মাধ্যমেই এসব দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই স্রষ্টাকে সন্তুষ্ট করতে প্রাণ হারাতে হতো ইনকা শিশুদের।
ইনকা শিশুদের মমি; Source: Scientific Reports Gómez Carballa et al
আশ্চর্যজনক ব্যাপার হলো, তাদের সমাজে এমন অনেক শিশুও ছিলো যাদের বড় করার উদ্দেশ্যই ছিলো কেবল বলি দেয়া! এসব শিশুদের বলির ব্যাপারকে ইনকারা ‘সবচেয়ে পবিত্র বলি’ হিসেবে মনে করতো। তারা বিশ্বাস করতো মৃত্যুর পর এ শিশুরা অনেক সুন্দর এক জীবনের অধিকারী হবে। অবশ্য মৃত্যুর আগে তাদের সাথে অনেক ভালো ব্যবহার করা হতো। তাদেরকে দেয়া হতো পছন্দসই খাবার, এমনকি মিলতো সম্রাটের সাথে সাক্ষাতের সৌভাগ্যও।
১০. ফিজি
যদিও আজকের লেখায় উল্লেখ করা প্রতিটি বর্ণনাই বেশ কষ্টদায়ক, তবে ফিজির ঘটনাটি আরো বেশিই কষ্টদায়ক। সেখানে এককালে নিয়ম ছিলো স্বামী মারা গেলে তার স্ত্রীকেও শ্বাসরোধ করে হত্যা করতে হবে। সেখানকার নানা নৃতাত্ত্বিক গোষ্ঠী বেশ গুরুত্বের সাথেই এ নিয়মটি অনুসরণ করতো। তারা বিশ্বাস করতো স্ত্রীর কর্তব্য হলো ইহকালের পাশাপাশি পরকালেও স্বামীকে সঙ্গ দেয়া। এজন্য স্বামীর মৃত্যুর সাথে সাথে তার সকল স্ত্রীকেই বলির শিকার হতে হতো।
বিধবা এ সকল নারীকে বলা হতো ‘থোথো’, যার অর্থ ‘স্বামীর কবরের গালিচা’! আরো দুঃখজনক ব্যাপার হলো নারীদের শ্বাসরোধ করে হত্যা করার দায়িত্বটি পালন করতো তাদের আপন ভাইয়েরা। সেটা না করতে পারলে অন্তত নির্মম এ হত্যাযজ্ঞের সাক্ষী তাকে অবশ্যই হওয়া লাগতো।
১১. ডাহোমে
Source: Wikimedia Commons
পশ্চিম আফ্রিকার পুরনো এক রাজ্যের নাম ছিলো ডাহোমে। সেখানে বার্ষিক এক উৎসবের নাম ছিলো জোয়েতানু। জোয়েতানুতে নানা ধরনের আয়োজনের পাশাপাশি অন্যতম বড় আকর্ষণ ছিলো নরবলি। এজন্য বেছে নেয়া হতো দাস-দাসী ও বিভিন্ন যুদ্ধবন্দীদের। জীবিত ও মৃত রাজাদের সম্মানার্থে সংঘটিত এ নরবলি কার্যকর করা হতো মূলত শিরশ্ছেদের মাধ্যমে। এটা এতই বহুল প্রচলিত এক চর্চা ছিলো যে, শুধুমাত্র এক রাজার শাসনামলেই আনুমানিক ৭,০০০ লোক এ জোয়েতানুর নরবলিতে মারা যায় বলে জানা গেছে।
১২. মায়া
Source: More Than A Magazine | Sia Magazin
প্রাচীনকালে মায়া সভ্যতার লোকেরাও এ প্রথা অনুসরণকারীদের তালিকায় নাম লিখিয়েছিলো। বিশেষ কোনো উপলক্ষে তারা এমনটা করতো। নরবলিগুলো মাঝে মাঝে দেয়া হতো মন্দিরে। দুর্ভাগারা অধিকাংশ থাকতো বিভিন্ন যুদ্ধবন্দী। চিচেন ইৎজাতে নরবলি দেয়ার সময় বৃষ্টির দেবতা চাকের সম্মানার্থে বন্দীদের গায়ে নীল রঙ মাখা হতো। এরপর তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়া হতো কোনো কুয়ায়।
১৩. সতীদাহ
সতীদাহ প্রথার অস্তিত্ব ছিলো আমাদের ভারতীয় উপমহাদেশেই। এখানে হিন্দু ধর্মাবলম্বী একজন নারী বিধবা হবার পর স্বামীর সাথে সহমরণে চিতায় যাবার বিষয়টিকেই বলা হয় সতীদাহ। নারী কখনো যেতেন স্বেচ্ছায়, কখনো বা জোরপূর্বক তাকে পাঠানো হতো। বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের একান্ত প্রচেষ্টায় ১৮২৯ সালে অমানবিক এ প্রথার অবসান ঘটে।
Source: Hindu Human Rights Worldwide
তবে এখনো এর অস্তিত্ব একেবারে মিলিয়ে যায় নি। ২০০৬ সালে বিবিসির এক খবরে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের তুসলিপার গ্রামের চল্লিশ বছর বয়স্কা এক নারী স্বামীর মৃত্যুর পর সতীদাহ প্রথার মাধ্যমে আত্মাহুতি দিয়েছিলেন। তবে কেউ তাকে বাধ্য করে নি। তিনি নিজেই সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন বলে পুলিশ জানায়।
৪. সম্পাদকীয় মতামত: অন্ধবিশ্বাস বনাম আধুনিক মানবিক চেতনা
সম্পাদকীয় মন্তব্য:
নরবলির ইতিহাস কেবল অতীতে ঘটে যাওয়া কিছু নৃশংসতার বিবরণ নয়; এটি মূলত মানবীয় চেতনার বিবর্তনের দলিল। প্রাচীন কার্থেজের আগুনে শিশুবলি থেকে শুরু করে অ্যাজটেকদের ছাতি চিরে হৃদপিণ্ড উপড়ে ফেলা কিংবা ভারতীয় উপমহাদেশের সতীদাহ প্রথা—প্রতিটি ঘটনাই প্রমাণ করে যে, উপযুক্ত শিক্ষা, বিজ্ঞানমনস্কতা ও আইনের শাসন ছাড়া অন্ধবিশ্বাস কীভাবে মানুষকে পশুর চেয়েও হিংস্র করে তুলতে পারে।
আধুনিক যুগেও বিশ্বের বিভিন্ন প্রান্তে কুসংস্কারের বশে যে বিচ্ছিন্ন বলিদানের ঘটনা সংবাদমাধ্যমে উঠে আসে, তা আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সচেতনতার লড়াই এখনো শেষ হয়নি। আধুনিক সভ্যতার মূল ভিত্তি হওয়া উচিত মানুষের জীবনের পবিত্রতা রক্ষা ও অন্ধত্বের শিকল ভাঙা।
তথ্যসূত্র ও রেফারেন্স (Sources & Citation):
- National Geographic & British Museum Archaeological Records on Human Sacrifice.
- Gómez Carballa et al., Scientific Reports (Inca Ice Mummies DNA Analysis).
- Journal of Chinese Cultural Relics & Shang Dynasty Historical Archives.
- George Reisner, Early Dynastic Egypt Burial Research (Harvard University).
- BBC News Reports & Historical Archives on Sati Abolition and Thuggee Cult Elimination.
আরও খবর জানতে ভিজিট করুন: পালসবাংলাদেশ ওয়েবসাইটে।
নিউজ ডেস্ক
শেয়ার করুন
বিডিএস বুলবুল আহমেদ | পালস বাংলাদেশ | ২১ নভেম্বর ২০২৬
প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত জ্ঞানকেন্দ্র নালন্দা মহাবিহার কে ধ্বংস করেছিল, এই প্রশ্ন নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই তুমুল বিতর্ক হয়। একপক্ষ বলে, তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি একাই নালন্দা পুড়িয়েছেন। অন্যপক্ষ দাবি করে, বখতিয়ার নয়, ধ্বংসের জন্য দায়ী ব্রাহ্মণ্যবাদীরা। দুই পক্ষের অনেক লেখাতেই ইতিহাসের চেয়ে আবেগ বেশি, আর কখনো কখনো একটি সম্প্রদায়কে আক্রমণ করার প্রবণতাও দেখা যায়।
ইতিহাস কোনো সম্প্রদায়ের পক্ষে বা বিপক্ষে লেখা হয় না, লেখা হয় সূত্রের ভিত্তিতে। তাই চলুন দেখি সমসাময়িক সূত্র আর ইতিহাসবিদেরা আসলে কী বলেন।
এক নজরে: দাবি বনাম তথ্য
| দাবি | যাচাইয়ের ফল |
|---|---|
| নালন্দার প্রতিষ্ঠাতা গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত | সত্য। বেশিরভাগ ইতিহাসবিদ ও ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ (ASI) তাঁকেই প্রতিষ্ঠাতা মানে |
| নালন্দায় শুধু বৌদ্ধ শাস্ত্র পড়ানো হতো | ভুল। বেদ, ব্যাকরণ, চিকিৎসা, যুক্তিবিদ্যা, সাংখ্যও পড়ানো হতো |
| ভর্তির জন্য বেদ পড়া “বাধ্যতামূলক” ছিল | অতিরঞ্জিত। পাঠ্যক্রমে বেদ ছিল, কিন্তু ভর্তির জন্য বাধ্যতামূলক হওয়ার স্পষ্ট প্রমাণ নেই |
| পাল রাজাদের মন্ত্রীরা ব্রাহ্মণ ছিলেন | সত্য। বাদাল স্তম্ভলিপি এর প্রমাণ |
| বখতিয়ার খিলজিই নালন্দা পুড়িয়েছিলেন | বিতর্কিত। প্রধান সমসাময়িক সূত্রে নালন্দার নাম নেই, তবে তুর্কি আক্রমণে নালন্দা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ আছে |
| ব্রাহ্মণরাই নালন্দা ধ্বংস করেছিলেন | দুর্বল প্রমাণ। দাবিটা ৫০০ বছর পরে লেখা এক তিব্বতি কাহিনির ওপর দাঁড়িয়ে |
| ব্রাহ্মণ জয়দেব নালন্দার শেষ শিক্ষকদের রক্ষা করেছিলেন | আংশিক সত্য। তিনি সহায়তা দিয়েছিলেন, তবে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন একজন স্থানীয় রাজা |
| কামরূপে মেচ জনগোষ্ঠী বখতিয়ারকে প্রতিরোধ করেছিল | ভুল। একজন মেচ নেতাই বরং বখতিয়ারের পথপ্রদর্শক ছিলেন |
নালন্দা: প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা
নালন্দার প্রতিষ্ঠা নিয়ে বিতর্ক কম। নালন্দায় পাওয়া একটি সিলমোহরে শক্রাদিত্য নামে এক রাজাকে প্রতিষ্ঠাতা বলা হয়েছে, আর চীনা পরিব্রাজক হিউয়েন সাঙের ভ্রমণবৃত্তান্তও এর সমর্থন করে। আন্দ্রেয়া পিংকনি ও হার্টমুট শার্ফের মতো পণ্ডিতদের সিদ্ধান্ত, শক্রাদিত্য আর প্রথম কুমারগুপ্ত একই ব্যক্তি, যিনি হিন্দু গুপ্ত রাজবংশের সম্রাট ছিলেন। নালন্দায় পাওয়া মুদ্রাও এর পক্ষে প্রমাণ দেয়। প্রথম কুমারগুপ্তের রাজত্বকাল ছিল আনুমানিক ৪১৫ থেকে ৪৫৫ খ্রিস্টাব্দ, আর প্রতিষ্ঠার প্রচলিত সাল ৪২৭ খ্রিস্টাব্দ।
পোস্টে বলা হয়েছে, নালন্দা বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। এটা সঠিক। নালন্দা বৌদ্ধ ও অ-বৌদ্ধ দুই ধরনেরই বহু ভারতীয় ও জাভার পৃষ্ঠপোষকের সহায়তা পেয়েছিল। গুপ্তদের পরে কনৌজের হর্ষবর্ধন (৬০৬-৬৪৭ খ্রিস্টাব্দ) এবং তারপর পাল রাজারা (অষ্টম থেকে দ্বাদশ শতক) নালন্দার বড় পৃষ্ঠপোষক ছিলেন।

পাঠ্যক্রমও শুধু বৌদ্ধ শাস্ত্রে সীমাবদ্ধ ছিল না। নালন্দার পাঠ্যক্রমে মাধ্যমিক, যোগাচার ও সর্বাস্তিবাদের মতো প্রধান বৌদ্ধ দর্শনের পাশাপাশি বেদ, ব্যাকরণ, চিকিৎসা, যুক্তিবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা ও রসায়নের মতো বিষয়ও ছিল। তবে পোস্টের দাবি অনুযায়ী ভর্তির জন্য চার বেদ পড়া “বাধ্যতামূলক” ছিল, এমন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ভর্তি পরীক্ষা কঠিন ছিল ঠিকই, কিন্তু তার বিষয়বস্তু নিয়ে এতটা নিশ্চিত দাবি সূত্রে সমর্থিত নয়।
একটি মতাদর্শগত দাবি নিয়ে সতর্কতা: পোস্টে বলা হয়েছে, বৌদ্ধ, জৈন, চার্বাকসহ সব ভারতীয় ধারা “সনাতন ধর্মের অবিচ্ছেদ্য শাখা”। এটি ঐতিহাসিক তথ্য নয়, একটি নির্দিষ্ট মতাদর্শিক অবস্থান। বৌদ্ধ ও জৈন অনুসারীরা সাধারণত নিজেদের ধর্মকে স্বতন্ত্র ধর্ম হিসেবেই দেখেন, আর বুদ্ধ নিজে বৈদিক কর্তৃত্বের সমালোচক ছিলেন।
ব্রাহ্মণরা কি নালন্দার শত্রু ছিলেন?
পোস্টের এই অংশের মূল যুক্তি বেশ শক্ত। পাল রাজারা ছিলেন বৌদ্ধ, কিন্তু তাঁদের প্রধানমন্ত্রীদের কয়েক প্রজন্ম ছিলেন ব্রাহ্মণ: গর্গ, দর্ভপাণি, কেদার মিশ্র প্রমুখ। এই তথ্য পাওয়া যায় বাদাল স্তম্ভলিপি থেকে। এই ব্রাহ্মণ মন্ত্রীদের আমলেই নালন্দা আর বিক্রমশীলা রাজকীয় অনুদান পেয়েছে। একইভাবে অষ্টম শতকে কনৌজের রাজা যশোবর্মদেবের সময়ের একটি শিলালিপি নালন্দায় পাওয়া গেছে, যাতে নালন্দার জন্য দানের কথা আছে।

তবে এর অর্থ এই নয় যে বৌদ্ধ আর ব্রাহ্মণ্য ধারার মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। দার্শনিক বিতর্ক আর রাজকীয় পৃষ্ঠপোষকতার প্রতিযোগিতা ছিল। ইতিহাসবিদদের একাংশ মনে করেন, পরবর্তী সময়ে রাজকীয় পৃষ্ঠপোষকতা বৌদ্ধ বিহার থেকে ব্রাহ্মণ্য প্রতিষ্ঠানের দিকে সরে যাওয়াও নালন্দার দুর্বল হয়ে পড়ার একটি কারণ। পোস্টটিও এই মতের উল্লেখ করেছে।
“ব্রাহ্মণরাই ধ্বংস করেছেন” দাবির উৎস কোথায়?
এই দাবির পক্ষে সবচেয়ে বেশি উদ্ধৃত হয় একটি তিব্বতি গ্রন্থ, যা জনপ্রিয় করেছেন ইতিহাসবিদ ডি. এন. ঝা। ২০১৪ সালে লেখক অরুণ শৌরির সঙ্গে এ নিয়ে তাঁর প্রকাশ্য বিতর্কও হয়। ঝা উদ্ধৃত করেছিলেন সুম্পা খেনপোর অষ্টাদশ শতকের তিব্বতি গ্রন্থ “পাগ সাম জোন জাং”। কাহিনিটি এরকম: নালন্দার এক মন্দিরের অনুষ্ঠানে কয়েকজন তরুণ বৌদ্ধ ভিক্ষু দুজন “তীর্থিক” ভিক্ষুকের গায়ে ধোয়া পানি ছুড়ে মারেন। ক্ষুব্ধ হয়ে তাঁদের একজন সূর্যসাধনা করেন, তারপর যজ্ঞের জ্বলন্ত ছাই ছড়িয়ে নালন্দার বিশাল গ্রন্থাগার “রত্নোদধি” পুড়িয়ে দেন।
এই সূত্রের সমস্যা কয়েকটি:
- সময়ের ব্যবধান: সুম্পা খেনপো জীবিত ছিলেন ১৭০৪ থেকে ১৭৮৮ সাল পর্যন্ত, অর্থাৎ নালন্দা ধ্বংসের প্রায় ৫০০ বছর পরে।
- প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই: ঝা নিজেই স্বীকার করেছেন, সুম্পা বা তারানাথ কেউই কখনো ভারতে আসেননি।
- অলৌকিক উপাদান: সূর্যসাধনা করে আগুন জ্বালানোর মতো অলৌকিক উপাদান কাহিনিটিকে ঐতিহাসিক প্রমাণ হিসেবে দুর্বল করে।
- “তীর্থিক” শব্দের অর্থ: ঝা তীর্থিকদের হিন্দু ব্রাহ্মণ ধরেছেন। কিন্তু সমালোচকদের যুক্তি, বৌদ্ধ গ্রন্থে “তীর্থিক” শব্দটি যেকোনো অ-বৌদ্ধকে বোঝাতে ব্যবহৃত হতো।
তবে ঝা-এর পক্ষেও যুক্তি আছে। তাঁর মতে, বৌদ্ধ আর তীর্থিকদের শত্রুতার প্রেক্ষাপটে সুম্পার বিবরণ গুরুত্বপূর্ণ, কারণ তা তারানাথের বিবরণের সঙ্গে মিলে যায়। সার্বিক বিচারে, “ব্রাহ্মণরাই নালন্দা ধ্বংস করেছেন” দাবিটি একটি বিলম্বিত ও অলৌকিক উপাদানযুক্ত সূত্রের ওপর দাঁড়িয়ে। একে প্রতিষ্ঠিত ইতিহাস বলা যায় না।
বখতিয়ার খিলজি কি নালন্দা পুড়িয়েছিলেন?
এখানে বিষয়টা আরও জটিল। প্রচলিত ধারণা হলো, বখতিয়ার খিলজি ১১৯৩ সালে নালন্দা পুড়িয়ে দিয়েছিলেন আর গ্রন্থাগার মাসের পর মাস জ্বলেছিল। কিন্তু মূল সূত্র কী বলে?

মিনহাজ-ই-সিরাজের তবকাত-ই-নাসিরী: বখতিয়ারের অভিযানের বিবরণের প্রধান সমসাময়িক সূত্র এটি। মিনহাজ একটি দুর্গসদৃশ “বিহার” আক্রমণের কথা লিখেছেন, যেখানে বহু মুণ্ডিতমস্তক ব্রাহ্মণকে হত্যা করা হয় আর বহু বই পাওয়া যায়। ইতিহাসবিদেরা সাধারণত একে ওদন্তপুরী মহাবিহার বলে শনাক্ত করেন। কিন্তু মিনহাজের যে বিবরণের ওপর পরবর্তী সব বর্ণনা নির্ভর করে, তাতে কোথাও নালন্দার নাম নেই, আগুনের উল্লেখও নেই। বখতিয়ারের অভিযান প্রসঙ্গে উইকিপিডিয়ার বিবরণ অনুযায়ী, তাঁর আক্রমণে ওদন্তপুরী ও বিক্রমশীলা মহাবিহার ধ্বংস হয়।
সাল নিয়েও গোলমাল আছে। ইতিহাসবিদ অড্রে ট্রুশকে দেখিয়েছেন, ১১৯৩ সালটি সবচেয়ে প্রচলিত। এর ভিত্তি হলো এই অনুমান যে মিনহাজের বর্ণনায় বিহার শরিফ আক্রমণের (১১৯৩) পরপরই বখতিয়ার নালন্দায় আঘাত হানেন। অন্য লেখকেরা ১১৯৭ বা ১১৯৮ সালের কথাও বলেন।
তাহলে কি তুর্কিরা নালন্দায় আক্রমণ করেনি? তা-ও নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী বিবরণ দিয়েছেন তিব্বতি ভিক্ষু ধর্মস্বামী। ১২৩৪ সালে ৩৭ বছর বয়সে তিনি ভারতে আসেন আর নালন্দায় গিয়ে দেখেন, তুর্কিদের হাতে ক্ষতিগ্রস্ত হয়ে ৮০টি ছোট বিহার পরিত্যক্ত পড়ে আছে, চালু আছে মাত্র দুটি। তুর্কিদের অভিযান তখনো চলছিল। ধর্মস্বামীর প্রত্যক্ষদর্শী বিবরণ অনুযায়ী, ১২৩৫ সালে ৩০০ তুর্কি সৈন্য নালন্দার অবশিষ্ট অংশও লুট করে, আর ৭০ জন পণ্ডিতকে পালিয়ে যেতে হয়।
ইতিহাসবিদদের সারকথা: বেশিরভাগ ইতিহাসবিদ একমত যে ১২০০ সালের দিকে তুর্কি আক্রমণে নালন্দা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়; বহু ভিক্ষু নিহত হন, অনেকে তিব্বত বা নেপালে পালিয়ে যান, আর গ্রন্থাগার পুড়িয়ে দেওয়া হয়। তবে বখতিয়ার নিজে নালন্দায় গিয়েছিলেন কি না, আর আক্রমণটা ঠিক কোন বছরে হয়েছিল, তা নিয়ে বিতর্ক আছে। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের সারসংক্ষেপও এরকম: আনুমানিক ১২০০ সালের তুর্কি আক্রমণে ক্ষতিগ্রস্ত, ১২৩৫ সালেও প্রায় ৭০ জন ছাত্র ছিল, ত্রয়োদশ শতকে পরিত্যক্ত।
অর্থাৎ নালন্দার পতন এক দিনের একটি আগুনে ঘটেনি। এটি ছিল কয়েক দশক ধরে চলা একটি প্রক্রিয়া: রাজকীয় পৃষ্ঠপোষকতা কমে যাওয়া, বারবার তুর্কি আক্রমণ, আর ভারতে বৌদ্ধধর্মের সামগ্রিক ক্ষয়।
ধর্মস্বামীর বিবরণে জয়দেব: পোস্ট কতটা সঠিক?
পোস্টে দাবি করা হয়েছে, ব্রাহ্মণ জয়দেব নালন্দার বৃদ্ধ আচার্য রাহুল শ্রীভদ্র আর তাঁর ৭০ জন ছাত্রের “সম্পূর্ণ আর্থিক ও বৈষয়িক দায়িত্ব” নিয়েছিলেন এবং তুর্কি সৈন্যদের হাত থেকে “পাহারা” দিচ্ছিলেন। এই দাবি অতিরঞ্জিত।

ধর্মস্বামীর বিবরণ অনুযায়ী, প্রধান আর্থিক পৃষ্ঠপোষক ছিলেন পীঠিপতি রাজবংশের স্থানীয় রাজা বুদ্ধসেন; তিনিই ৯০ বছর বয়সী আচার্য রাহুল শ্রীভদ্র আর তাঁর ৭০ জন ছাত্রকে আর্থিক সহায়তা দিতেন। জয়দেবের ভূমিকাও ছিল, তবে ভিন্নরকম। ১৯৫৯ সালে প্রকাশিত রোয়েরিখের অনুবাদ অনুযায়ী, ওদন্তপুরে বসবাসকারী জয়দেব নামের এক ব্রাহ্মণ গৃহী শিষ্য আচার্যকে খাবারের জন্য সামান্য ভাতা দিতেন। বারবার তুর্কি সামরিক ঘাঁটি থেকে আক্রমণের হুমকি আসছিল, আর জয়দেব নিজেও সন্দেহের তালিকায় পড়েছিলেন।
তুর্কি কর্মকর্তারা ভিক্ষুদের সহায়তা করার অভিযোগে জয়দেবকে বন্দি করেন। বন্দি অবস্থাতেই তিনি নালন্দায় দূত পাঠিয়ে আসন্ন আক্রমণের খবর দেন। অর্থাৎ জয়দেব সাহসের সঙ্গে ভিক্ষুদের পাশে দাঁড়িয়েছিলেন, এটা সত্য। কিন্তু তিনি সৈন্য দিয়ে নালন্দা “পাহারা” দেননি, সতর্কবার্তা পাঠিয়েছিলেন। তাঁর ভূমিকা ছিল সহানুভূতির, সামরিক প্রতিরক্ষার নয়।
নদীয়া অভিযান আর কামরূপে পরাজয়
নদীয়া (আনুমানিক ১২০৪-১২০৫): তবকাত-ই-নাসিরীর বিবরণ অনুযায়ী, বখতিয়ার মাত্র ১৮ জন অশ্বারোহী নিয়ে ঘোড়া ব্যবসায়ীর বেশে সেন রাজধানী নদীয়ায় ঢুকে পড়েন। বৃদ্ধ রাজা লক্ষ্মণসেন তখন খাবার খাচ্ছিলেন, আকস্মিক আক্রমণে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে পূর্ববঙ্গের বিক্রমপুরে আশ্রয় নেন। পোস্টের এই বর্ণনা মূল সূত্রের সঙ্গে মেলে। তবে মনে রাখা দরকার, সেন বংশ এরপরও কয়েক দশক পূর্ববঙ্গে রাজত্ব করেছিল।
কামরূপ ও তিব্বত অভিযান (১২০৬): এখানে পোস্টে একটি বড় ভুল আছে। পোস্টে বলা হয়েছে, রাজা পৃথু আর “মেচ উপজাতির মানুষেরা” বখতিয়ারের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিলেন। বাস্তবে ঘটনা উল্টো। তিব্বতে যাওয়ার সহজ পথ খুঁজতে বখতিয়ার আলী মেচ নামে এক ধর্মান্তরিত মেচ সর্দারের সাহায্য নেন। আলী মেচের সহায়তায় বখতিয়ার কামরূপের রাজাকে তাঁর তিব্বত অভিযানের পরিকল্পনা জানিয়ে চিঠি লেখেন; এই চিঠির কথা তবকাত-ই-নাসিরীতে বিস্তারিত আছে। অর্থাৎ একজন মেচ নেতা ছিলেন বখতিয়ারের পথপ্রদর্শক, প্রতিরোধকারী নন।
অভিযানটা অবশ্য ভয়াবহভাবে ব্যর্থ হয়েছিল। এর একটি পাথুরে প্রমাণ আছে গুয়াহাটির উত্তরে, কানাই বড়শীবোয়া শিলালিপিতে। শিলালিপিতে লেখা: শক ১১২৭ সালে, মধুমাসের (চৈত্র) ১৩তম দিনে, কামরূপে এসে তুর্কিরা ধ্বংস হলো। শক ১১২৭ হলো ১২০৬ খ্রিস্টাব্দ। বখতিয়ারের হাজার হাজার সৈন্যের অশ্বারোহী বাহিনী কমে কয়েকশোতে দাঁড়ায়। কারা তাঁকে পরাজিত করেছিল, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে। কেউ কামরূপের রাজা পৃথুকে কৃতিত্ব দেন, কেউ তিব্বতের সীমান্তবর্তী উপজাতিদের। কোন নদীতে সেনারা ডুবেছিল, তা-ও নিশ্চিত নয়। মিনহাজ নদীটির নাম লিখেছেন “বেগমতি”, পোস্টের মতো তিস্তা নিশ্চিতভাবে বলা যায় না। এরপর ১২০৬ সালের আগস্টে বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের দেবকোটে বখতিয়ার মারা যান। মিনহাজের বিবরণ অনুযায়ী, অসুস্থ অবস্থায় তাঁকে হত্যা করেন তাঁরই সেনাপতি আলী মর্দান খিলজি।
অতীত থেকে বর্তমান: নালন্দার পুনর্জন্ম
ধ্বংসের প্রায় সাড়ে সাতশো বছর পর নালন্দা আবার আলোচনায় ফেরে। ১৯১৫ সাল থেকে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ নালন্দায় খননকাজ শুরু করে; প্রথম দফা চলে ১৯১৫ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত, দ্বিতীয় দফা ১৯৭৪ থেকে ১৯৮২ পর্যন্ত। ১৯৫১ সালে বিহার সরকার ধ্বংসাবশেষের কাছে পালি ও বৌদ্ধশাস্ত্র চর্চার প্রতিষ্ঠান “নব নালন্দা মহাবিহার” প্রতিষ্ঠা করে।
এরপর দুটি বড় ঘটনা: নালন্দার ধ্বংসাবশেষ ২০১৬ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়, আর ২০২৪ সালে কাছের রাজগীরে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালু হয়।
২০২৪ সালে নতুন ক্যাম্পাস উদ্বোধনের সময় ধ্বংসের প্রশ্নটা আবার রাজনৈতিক বিতর্কে পরিণত হয়। একপক্ষ বলেছে “বিদেশি আক্রমণকারীরা” নালন্দা পুড়িয়েছে। অন্যপক্ষের যুক্তি, বখতিয়ারের নামে ধ্বংসের অভিযোগ বিশেষ করে ব্রিটিশ আমলের পরে জনপ্রিয় হয়, অথচ কোনো প্রাথমিক সূত্রে এর উল্লেখ নেই। আট শতাব্দী পরেও এই বিতর্ক দেখায়, ইতিহাস কীভাবে বর্তমানের রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে।
ইতিহাস পড়ার আগে যা মনে রাখবেন
- মূল সূত্র আর পরবর্তী ব্যাখ্যা আলাদা করুন। মিনহাজ, ধর্মস্বামী আর সুম্পা খেনপো, তিনজন তিন সময়ের লেখক। তাঁদের সূত্রের মূল্যও সমান নয়।
- একটি ঘটনাকে পুরো সম্প্রদায়ের ওপর চাপাবেন না। আটশো বছর আগের এক সেনাপতির কাজের দায় আজকের কোনো ধর্মের মানুষের নয়। আবার কয়েকশো বছর পরের এক কাহিনির ভিত্তিতে একটি পুরো সম্প্রদায়কে দোষী করাও অন্যায়।
- জটিলতা মেনে নিন। নালন্দার পতনের পেছনে একক কোনো খলনায়ক নেই, আছে বহু কারণের সমষ্টি।
- ঘৃণা ছড়ানো লেখা শেয়ার করবেন না। ইতিহাসের নামে কোনো সম্প্রদায়কে অপমান করা লেখা তথ্যনির্ভর নয়, আবেগনির্ভর।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত, আনুমানিক ৪২৭ খ্রিস্টাব্দে। হিউয়েন সাঙ তাঁকে শক্রাদিত্য নামে উল্লেখ করেছেন।
বখতিয়ার খিলজি কি নালন্দা ধ্বংস করেছিলেন?
১২০০ সালের দিকে তুর্কি আক্রমণে নালন্দা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা প্রমাণিত। তবে প্রধান সমসাময়িক সূত্র তবকাত-ই-নাসিরীতে নালন্দার নাম নেই, তাই বখতিয়ারের ব্যক্তিগত ভূমিকা নিয়ে বিতর্ক আছে।
ব্রাহ্মণরা কি নালন্দা পুড়িয়েছিলেন?
এই দাবির ভিত্তি অষ্টাদশ শতকের একটি তিব্বতি গ্রন্থ, যা ঘটনার প্রায় ৫০০ বছর পরে লেখা। একে নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ধরা কঠিন।
নালন্দায় কি শুধু বৌদ্ধধর্ম পড়ানো হতো?
না। বৌদ্ধ দর্শনের পাশাপাশি বেদ, ব্যাকরণ, চিকিৎসা, যুক্তিবিদ্যা, গণিত আর জ্যোতির্বিদ্যাও পড়ানো হতো।
নালন্দা কবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় আসে?
২০১৬ সালে।
সূত্র
- Wikipedia: Nalanda mahavihara
- Academia.edu: Nalanda founder (Shakraditya ও Kumaragupta I)
- Wikiwand: Nalanda
- Anantam IAS: Nalanda University, What Xuanzang Saw and How It Fell
- Wikipedia: Muhammad Bakhtiyar Khalji
- Audrey Truschke: The Power of the Islamic Sword in Narrating the Death of Indian Buddhism (2018)
- The Wire: Did Bakhtiyar Khilji Destroy Nalanda University?
- Wikipedia: Dharmasvamin
- Cavacopedia: Rahula Shribhadra
- Roerich (1959) অনুসরণে: How the end came to Nalanda
- Archive.org: Biography of Dharmasvamin
- EBSCO: Turkish Raiders Destroy Buddhist University of Nalanda
- Macmillan: Nalanda, India’s Buddhist University
- SACW: D.N. Jha’s Reply to Arun Shourie
- Bharata Bharati: সুম্পা খেনপোর সময়কাল ও সমালোচনা
- Swarajya: Kanai Boroxi Boa inscription
- Wikipedia: Bakhtiyar Khalji’s Tibet campaign
টিপস অ্যান্ড ট্রিক্স
নিউজ ডেস্ক
শেয়ার করুন
বিডিএস বুলবুল আহমেদ | পালস বাংলাদেশ | ২১ নভেম্বর ২০২৬
চাকরির ইন্টারভিউ, বিয়ের দেখাশোনা, নতুন অফিসের প্রথম দিন বা বাসে পাশের সিটের অচেনা যাত্রী, সব জায়গাতেই আমরা মুহূর্তের মধ্যে একজন মানুষ সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলি। কেউ হাসিমুখে কথা বললে মনে হয় মানুষটা ভালো। কেউ চোখে চোখ রেখে না তাকালে মনে হয় কিছু লুকাচ্ছেন। পোশাক দেখে রুচি আর অবস্থান আন্দাজ করি।
সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, প্রথম দেখায় একজন মানুষের কোন দিকটা খেয়াল করা উচিত? উত্তরও এসেছে নানারকম। কিন্তু মনোবিজ্ঞানের গবেষণা কী বলে? প্রথম দেখার এই বিচার কতটা সঠিক, আর কোথায় আমরা ভুল করি?
কত দ্রুত আমরা বিচার করি?
উত্তরটা অবাক করার মতো: চোখের পলকের চেয়েও দ্রুত। ২০০৬ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেনিন উইলিস আর আলেকজান্ডার টোডোরভ এ নিয়ে একটি গবেষণা করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনেতাদের মুখের ছবি মাত্র ১০০ মিলিসেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময় দেখান। তারপর ছবির মানুষগুলো কতটা আকর্ষণীয়, পছন্দনীয়, দক্ষ, বিশ্বাসযোগ্য আর আক্রমণাত্মক, তা মূল্যায়ন করতে বলেন।
ফলাফল ছিল চমকপ্রদ। এই অতি অল্প সময়ের রেটিং প্রায় হুবহু মিলে যায় সেই শিক্ষার্থীদের রেটিংয়ের সঙ্গে, যাঁরা যত খুশি সময় নিয়ে ছবি দেখতে পেরেছিলেন। সবচেয়ে বেশি মিল ছিল বিশ্বস্ততার বিচারে। বেশি সময় দিলে বিচার বদলায়নি; গবেষকদের ভাষায়, সময় বাড়লে মানুষ শুধু নিজের বিচারে আরও আত্মবিশ্বাসী হয়েছে।
তবে এখানে একটা জরুরি সতর্কতা আছে। টোডোরভ নিজেই বলেছেন, মুখের গড়ন আর চরিত্রের সম্পর্ক খুবই দুর্বল, কিন্তু তাতে আমাদের মন এক নজরে মানুষকে মেপে ফেলা থামায় না। অর্থাৎ আমরা দ্রুত বিচার করি, কিন্তু দ্রুত বিচার মানেই সঠিক বিচার নয়।
প্রথম দেখায় আমরা আসলে কী খুঁজি?
প্রিন্সটনের মনোবিজ্ঞানী সুজান ফিস্ক ও তাঁর সহকর্মীরা কয়েক দশকের গবেষণায় দেখিয়েছেন, অচেনা কাউকে দেখলে আমাদের মন মূলত দুটি প্রশ্নের উত্তর খোঁজে। প্রথমত, অচেনা মানুষটি বন্ধু না শত্রু, অর্থাৎ তাঁর উদ্দেশ্য ভালো না খারাপ। দ্বিতীয়ত, সেই উদ্দেশ্য বাস্তবায়নের সামর্থ্য তাঁর কতটা

গবেষকেরা এই দুটি দিকের নাম দিয়েছেন উষ্ণতা (Warmth) আর দক্ষতা (Competence)। উষ্ণতার মধ্যে পড়ে বিশ্বস্ততা, বন্ধুত্বপূর্ণ আচরণ আর মিশুকে স্বভাব। কেন উষ্ণতা আগে? ফিস্কের ব্যাখ্যা হলো, উদ্দেশ্য দেখে আচরণ আন্দাজ করা যায়, তাই উষ্ণতাই মৌলিক। টিকে থাকার জন্য পাহারাদার আগে হাঁক দেয়, “কে ওখানে, বন্ধু না শত্রু?
দুটি দিকের সমন্বয়েই প্রতিক্রিয়া তৈরি হয়। যাঁদের উষ্ণ ও দক্ষ মনে হয়, তাঁদের প্রতি মানুষের আবেগ ও আচরণ সবসময় ইতিবাচক হয়; আর যাঁদের দুটোরই অভাব মনে হয়, তাঁদের প্রতি মনোভাব হয় নেতিবাচক।
প্রচলিত দাবি বনাম গবেষণা: এক নজরে
| প্রচলিত ধারণা | গবেষণা কী বলে |
|---|---|
| ইন্ট্রোভার্টরা প্রথম দেখায় হাসেন না | আংশিক সত্য, তবে বিভ্রান্তিকর। এক্সট্রোভার্টরা বেশি অভিব্যক্তি দেখান, কিন্তু কম হাসা মানে অবন্ধুসুলভ হওয়া নয় |
| ধূমপায়ীরা বেশি আন্তরিক | কোনো প্রমাণ নেই। এটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, গবেষণালব্ধ তথ্য নয় |
| চোখে চোখ রেখে কথা বলা আত্মবিশ্বাসের লক্ষণ | আংশিক সত্য। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকা অস্বস্তিকর, আর সংস্কৃতিভেদে এর অর্থ বদলায় |
| পোশাক রুচির প্রকাশ | সত্য। পোশাক আমাদের বিচারকে প্রভাবিত করে, যদিও তা চরিত্রের নিশ্চিত প্রমাণ নয় |
| যোগাযোগের ৯৩% শরীরী ভাষা, মাত্র ৭% কথা | ভুল। এটি একটি বহুল প্রচলিত ভ্রান্ত ধারণা |
| প্রথম দেখার ধারণা সবসময় সঠিক | ভুল। কিছু বৈশিষ্ট্য মোটামুটি বোঝা যায়, অনেকগুলো যায় না |
হাসি আর ইন্ট্রোভার্টদের নিয়ে ভুল ধারণা
“ইন্ট্রোভার্টরা প্রথম দেখায় হাসেন না” কথাটার পেছনে কিছুটা সত্য আছে। গবেষণায় দেখা গেছে, ইন্ট্রোভার্টদের তুলনায় এক্সট্রোভার্টরা বেশি চোখের যোগাযোগ, কণ্ঠের বৈচিত্র্য, অঙ্গভঙ্গি আর মুখের অভিব্যক্তি ব্যবহার করার কথা জানান।
কিন্তু এখান থেকে উল্টো সিদ্ধান্ত টানা ভুল। মনোবিজ্ঞানে ইন্ট্রোভার্সন মানে লাজুকতা বা অবন্ধুসুলভ আচরণ নয়। ইন্ট্রোভার্টরা ভিড় আর অনেক মানুষের সঙ্গ থেকে শক্তি পান কম, একান্তে সময় কাটিয়ে নিজেকে চাঙা করেন। একজন ইন্ট্রোভার্ট প্রথম দেখায় কম হাসতে পারেন, কিন্তু পরিচয় গভীর হলে তিনি অত্যন্ত আন্তরিক বন্ধু হতে পারেন। আবার অনেক ইন্ট্রোভার্ট সামাজিক পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই হাসিখুশি থাকেন। তাই কম হাসি দেখে কাউকে “অহংকারী” বা “রূঢ়” ভাবা প্রথম দেখার সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি।
ধূমপান আর আন্তরিকতা: একটি ভ্রান্ত যোগসূত্র
মূল উত্তরে বলা হয়েছে, ধূমপায়ীদের মধ্যে একটা আন্তরিক ভাব দেখা যায়। এটা একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে, কিন্তু ধূমপানের সঙ্গে আন্তরিকতার কোনো সম্পর্ক গবেষণায় প্রমাণিত নয়। হতে পারে চায়ের দোকানে বা অফিসের বাইরে একসঙ্গে ধূমপানের সময় আড্ডা জমে, আর সেই সামাজিক পরিবেশটাই আন্তরিক মনে হয়। আন্তরিকতা আসে আড্ডা থেকে, সিগারেট থেকে নয়।

এই ধারণাকে প্রশ্রয় দেওয়া বিপজ্জনকও, কারণ বাংলাদেশে তামাক একটি বড় জনস্বাস্থ্য সংকট। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (GATS) ২০১৭ অনুযায়ী, দেশের ৩৫.৩% প্রাপ্তবয়স্ক (৩ কোটি ৭৮ লাখ মানুষ) তামাক ব্যবহার করেন, আর ১৮% (১ কোটি ৯২ লাখ) ধূমপান করেন। এর মূল্যও ভয়াবহ। ২০১৮ সালে তামাক বাংলাদেশে প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ১৩.৫%।
তাই কাউকে আন্তরিক মনে হলে তাঁর হাতের সিগারেট নয়, তাঁর আচরণটাই দেখুন।
চোখের দৃষ্টি: কতক্ষণ তাকানো স্বাভাবিক?
চোখে চোখ রেখে কথা বলাকে সাধারণত আত্মবিশ্বাস আর সততার লক্ষণ ধরা হয়। কিন্তু কতক্ষণ তাকানো স্বস্তিকর? ২০১৬ সালে ব্রিটিশ গবেষকেরা এ প্রশ্নের উত্তর খুঁজেছেন। নিকোলা বিনেত্তি ও তাঁর সহকর্মীরা লন্ডন সায়েন্স মিউজিয়ামে আসা ৫৬টি দেশের প্রায় ৫০০ দর্শনার্থীকে নিয়ে গবেষণা করেন। এতে দেখা যায়, স্বস্তি বোধ করার জন্য গড় আদর্শ দৃষ্টির সময় ৩.৩ সেকেন্ড।

গবেষণার আরেকটি ফলাফল মূল উত্তরের সঙ্গে আংশিক দ্বিমত করে। গবেষকেরা এমন কোনো প্রমাণ পাননি যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য মানুষের পছন্দের দৃষ্টির সময়কে প্রভাবিত করে; লিঙ্গ, বয়স বা অভিনেতাদের চেহারাও করেনি। অর্থাৎ চোখের দৃষ্টি দেখে “দুই প্রকার চরিত্র” আলাদা করা সহজ নয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটি বিষয় মনে রাখা দরকার। আমাদের সংস্কৃতিতে বড়দের সঙ্গে বা শিক্ষকের সামনে চোখ নামিয়ে কথা বলাকে অনেক সময় সম্মানের লক্ষণ ধরা হয়। তাই কেউ চোখে চোখ না রাখলে তা লুকোচুরি নয়, ভদ্রতাও হতে পারে।
পোশাক: রুচির প্রকাশ, চরিত্রের প্রমাণ নয়
মূল উত্তরের এই অংশটি গবেষণার সঙ্গে মেলে। পোশাক সত্যিই আমাদের বিচারকে প্রভাবিত করে। ১৯৮৮ সালের একটি গবেষণায় দেখা গেছে, চেহারার কিছু বিষয়, যেমন আকর্ষণীয়তা, পোশাকের ধরন (আনুষ্ঠানিকতা আর পরিচ্ছন্নতা) আর আনুমানিক বয়স, অচেনা মানুষ সম্পর্কে ব্যক্তিত্বের বিচারকে প্রভাবিত করে।
তবে পোশাক যা বলে, তা সবসময় সত্য নয়। দামি পোশাক মানেই সৎ মানুষ নয়, আর সাধারণ পোশাক মানেই অযোগ্য নয়। প্রতারকেরা প্রায়ই দামি পোশাক আর পরিপাটি চেহারাকে বিশ্বাস অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
“৯৩% শরীরী ভাষা”: একটি জনপ্রিয় ভুল
প্রথম দেখা নিয়ে আলোচনায় একটা সংখ্যা প্রায়ই শোনা যায়: যোগাযোগের মাত্র ৭% কথা, ৩৮% কণ্ঠস্বর আর ৫৫% শরীরী ভাষা। এটা একটি বহুল প্রচলিত ভুল ধারণা।
সংখ্যাটির উৎস ১৯৬৭ সালে মনোবিজ্ঞানী অ্যালবার্ট মেহরাবিয়ানের দুটি গবেষণা। কিন্তু মেহরাবিয়ানের পরীক্ষাগুলো বিশেষভাবে অনুভূতি আর মনোভাব (পছন্দ-অপছন্দ) প্রকাশের ওপর কেন্দ্রীভূত ছিল। এটাও গুরুত্বপূর্ণ যে এই অনুপাত অন্য পরিবেশে বা ভিন্ন অংশগ্রহণকারীদের নিয়ে আর কোনো গবেষণায় যাচাই করা হয়নি, আর সবচেয়ে বড় কথা, পরীক্ষায় কোনো সত্যিকারের কথোপকথনই হয়নি।
তাহলে কি শরীরী ভাষা গুরুত্বহীন? না। একটি বিশ্লেষণে যেমন বলা হয়েছে, সংখ্যাগুলো ভুল হলেও অমৌখিক যোগাযোগ গুরুত্বপূর্ণ, এই ধারণাটি সত্য।
প্রথম দেখার ধারণা কতটা সঠিক?
উত্তরটা হলো: কিছু ক্ষেত্রে বেশ সঠিক, কিছু ক্ষেত্রে মোটেও না।
যেখানে আমরা মোটামুটি সঠিক: ১৯৯৩ সালে হার্ভার্ডের নলিনী আম্বাডি আর রবার্ট রোজেনথাল একটি বিখ্যাত পরীক্ষা করেন। তাঁরা ১৩ জন শিক্ষকের ক্লাসের ভিডিও থেকে ১০ সেকেন্ডের তিনটি অংশ নিয়ে একটি ৩০ সেকেন্ডের নির্বাক ক্লিপ বানান, আর তা এমন শিক্ষার্থীদের দেখান যাঁরা ওই শিক্ষকদের চিনতেন না। আশ্চর্যজনকভাবে, এই ৩০ সেকেন্ডের কম দৈর্ঘ্যের নির্বাক ক্লিপ দেখে করা বিচার সেমিস্টার শেষে শিক্ষার্থীদের দেওয়া মূল্যায়নের সঙ্গে উল্লেখযোগ্যভাবে মিলে যায়।
কোন বৈশিষ্ট্য বোঝা সহজ: গবেষণা বলছে, বাইরে থেকে দৃশ্যমান বৈশিষ্ট্য এক্সট্রোভার্সন প্রথম দেখায় সবচেয়ে নির্ভুলভাবে বোঝা যায়, অন্যদিকে নিউরোটিসিজম (মানসিক অস্থিরতা) আর সহযোগিতাপ্রবণতার মতো কম দৃশ্যমান বৈশিষ্ট্য সাধারণত কম নির্ভুলভাবে বোঝা যায়।
মূল শিক্ষা: একটি বড় গবেষণার উপসংহার এরকম: প্রথম দেখার ধারণা সব ক্ষেত্রে সঠিক বা ভুল নয়; তা নির্ভর করে কোন ধরনের বিচার করা হচ্ছে আর বিচারক মানুষটির আচরণ কতক্ষণ দেখার সুযোগ পেয়েছেন তার ওপর। গবেষণায় এটাও দেখা গেছে, অচেনা মানুষ সম্ভাবনার চেয়ে ভালোভাবে ব্যক্তিত্ব বিচার করতে পারেন, কিন্তু ঘনিষ্ঠ পরিচিতদের মতো নির্ভুলভাবে নয়।
ভালো ফার্স্ট ইমপ্রেশন তৈরির ৭টি উপায়

গবেষণার আলোকে নিজের প্রথম ছাপ ভালো করার কিছু ব্যবহারিক উপায়:
১. আন্তরিকতা আগে দেখান। মানুষ প্রথমে উষ্ণতা বিচার করে, তাই দক্ষতা দেখানোর আগে আন্তরিক থাকুন। সালাম দিন, নাম ধরে সম্বোধন করুন।
২. স্বাভাবিক হাসুন। জোর করে হাসার দরকার নেই, তবে মুখ ভার করে রাখবেন না।
৩. চোখে তাকান, কিন্তু স্থির দৃষ্টিতে নয়। কয়েক সেকেন্ড তাকিয়ে মাঝে মাঝে দৃষ্টি সরান।
৪. পরিস্থিতি বুঝে পোশাক পরুন। দামি নয়, পরিচ্ছন্ন আর মানানসই পোশাকই যথেষ্ট।
৫. মন দিয়ে শুনুন। কথার মাঝে ফোন দেখবেন না। অন্যের কথায় আগ্রহ দেখানো উষ্ণতার সবচেয়ে বড় লক্ষণ।
৬. কথা আর শরীরী ভাষা মিলিয়ে রাখুন। মুখে “খুশি হলাম” বলে বিরক্ত চেহারা করলে মানুষ আপনার শরীরী ভাষাকেই বিশ্বাস করবে।
৭. নিজের মতো থাকুন। অভিনয় বেশিক্ষণ টেকে না। ধীরে ধীরে আসল মানুষটাই বেরিয়ে আসে।
অন্যকে বিচার করার আগে যা মনে রাখবেন
- প্রথম ধারণাকে চূড়ান্ত ভাববেন না। টোডোরভ নিজেই বলেছেন, সময়ের সঙ্গে মানুষকে চিনলে তাঁর সম্পর্কে আরও পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয়।
- ব্যক্তিগত অভিজ্ঞতাকে সাধারণ নিয়ম বানাবেন না। কয়েকজন ধূমপায়ীকে আন্তরিক দেখে সব ধূমপায়ীকে আন্তরিক ভাবা যেমন ভুল, তেমনি কয়েকজন ইন্ট্রোভার্টকে গম্ভীর দেখে সবাইকে গম্ভীর ভাবাও ভুল।
- সংস্কৃতির পার্থক্য মাথায় রাখুন। এক দেশে যা আত্মবিশ্বাস, অন্য দেশে তা বেয়াদবি হতে পারে।
- গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। চাকরি, ব্যবসা বা বিয়ের মতো সিদ্ধান্ত শুধু প্রথম দেখার ভিত্তিতে নেবেন না।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
ফার্স্ট ইমপ্রেশন তৈরি হতে কত সময় লাগে?
প্রিন্সটনের গবেষণা অনুযায়ী, মুখ দেখে বিশ্বস্ততার মতো বিচার মাত্র ১০০ মিলিসেকেন্ডেই তৈরি হয়ে যায়।
প্রথম দেখায় মানুষ কোন বিষয়টা আগে খেয়াল করে?
গবেষণা অনুযায়ী মানুষ প্রথমে উষ্ণতা (বিশ্বস্ততা, বন্ধুত্বপূর্ণ আচরণ) বিচার করে, তারপর দক্ষতা।
কতক্ষণ চোখে চোখ রাখা স্বাভাবিক?
একটি গবেষণায় দেখা গেছে, গড়ে ৩.৩ সেকেন্ডের দৃষ্টিতে মানুষ সবচেয়ে স্বস্তি বোধ করে।
যোগাযোগের ৯৩% কি সত্যিই শরীরী ভাষা?
না। এটি মেহরাবিয়ানের গবেষণার ভুল ব্যাখ্যা। তাঁর গবেষণা ছিল শুধু অনুভূতি প্রকাশ নিয়ে, সব ধরনের যোগাযোগ নিয়ে নয়।
প্রথম দেখার খারাপ ধারণা কি বদলানো যায়?
হ্যাঁ। সময় আর ধারাবাহিক ভালো আচরণের মাধ্যমে প্রথম ধারণা বদলানো সম্ভব।
সূত্র
- Princeton University: First impressions, Making up your mind after a 100-ms exposure to a face
- Princeton University: Snap judgments decide a face’s character
- British Psychological Society: Your trustworthiness is judged in a tenth of a second
- Princeton University: Universal dimensions of social cognition, warmth and competence
- PMC: Stereotype Content, Warmth and Competence Endure (Fiske)
- Cambridge University Press: Universal Dimensions of Social Signals
- British Psychological Society: The length of eye contact people find most comfortable
- HuffPost: How long you can look someone in the eye
- CORE: Personality and gaze behaviour study
- Wikipedia: Albert Mehrabian
- Big Think: The 7-38-55 rule, debunked
- FEMA: Non-verbal Communication Statistics Wrong
- Ambady & Rosenthal (1993): Half a Minute
- APA Monitor: ‘Thin slices’ of life
- Carney, Colvin & Hall: A Thin Slice Perspective on the Accuracy of First Impressions
- University of Lancashire: First impressions and personality judgment
- Wikipedia: Zero-acquaintance personality judgments
- CDC: GATS Bangladesh 2017 Fact Sheet
- Tobacco-Free Kids: Tobacco burden in Bangladesh
নিউজ ডেস্ক
শেয়ার করুন
বিডিএস বুলবুল আহমেদ | পালস বাংলাদেশ | ২০ নভেম্বর ২০২৬
সামাজিক মাধ্যমে একটি লেখা ঘুরছে, যার শিরোনাম “আল্লাহর পরে ইবলিস শয়তান কি সবচাইতে জ্ঞানী?” লেখাটি শুরুতেই সতর্ক করে যে আল্লাহ সম্পর্কে সামান্য ভুল ধারণা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। সতর্কবাণীটা সঠিক। কিন্তু এরপর লেখাটি নিজেই এমন কয়েকটি দাবি করেছে, যা কুরআন ও সহিহ হাদিসের সঙ্গে মেলে না।
পোস্টের মূল দাবি তিনটি:
- ইবলিস সব মানুষের মনের চিন্তা পড়তে পারে, তাই দুনিয়ার সব মানুষের মিলিত জ্ঞান তার একার আছে।
- ইবলিস পরকালের অনেক কিছু নিজের চোখে দেখেছে।
- “জ্ঞান” আল্লাহর সঙ্গে মানানসই নয়; আল্লাহর আছে শুধু ইচ্ছা আর ক্ষমতা।
চলুন, প্রতিটি দাবি দলিলের আলোকে যাচাই করি।
দাবি বনাম দলিল: এক নজরে
| ভাইরাল দাবি | যাচাইয়ের ফল |
|---|---|
| আল্লাহর বিষয়টা জ্ঞান নয়, শুধু ক্ষমতা | ভুল। কুরআনে আল্লাহর জ্ঞান ও ক্ষমতা দুটোই স্পষ্টভাবে বলা হয়েছে |
| ইবলিস সব মানুষের মনের চিন্তা পড়ে | প্রমাণিত নয়। শয়তান মানুষের খুব কাছে থাকে আর কুমন্ত্রণা দেয়, কিন্তু সব মানুষের সব চিন্তা জানার দলিল নেই |
| ইবলিসের একার জ্ঞান সব মানুষের সমান | ভিত্তিহীন। কুরআন-হাদিসে এমন কোনো বর্ণনা নেই |
| জিন বা ইবলিস গায়েব জানে | ভুল। কুরআন স্পষ্ট বলেছে, জিনেরা গায়েব জানে না |
| ইবলিস পরকাল চোখে দেখেছে | দলিল নেই। এটি অনুমাননির্ভর দাবি |
| জ্ঞান মানে শুধু অতীতের তথ্য জানা; দক্ষতা, শিক্ষা আর অভিজ্ঞতা জ্ঞান নয় | ভুল সংজ্ঞা। ইসলামি পরিভাষা বা দর্শন কোনোটিই জ্ঞানকে এতটা সংকীর্ণ করে না |
| জগদীশ বসু আবিষ্কার করেন গাছের প্রাণ আছে | অসম্পূর্ণ। গাছ যে জীবিত, তা আগে থেকেই জানা ছিল। বসু দেখিয়েছিলেন, উদ্দীপনায় গাছও সাড়া দেয় |
১. আল্লাহর গুণ কি শুধু ক্ষমতা, জ্ঞান নয়?
এটি পোস্টের সবচেয়ে গুরুতর ভুল। কুরআনে আল্লাহর জ্ঞানকে আলাদা গুণ হিসেবে বারবার উল্লেখ করা হয়েছে, আর অনেক জায়গায় জ্ঞান ও ক্ষমতা পাশাপাশি এসেছে।

সূরা আত-তালাক, আয়াত ১২: এখানে একই আয়াতে দুটি গুণই আছে। আয়াতের অর্থ: যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান, এবং আল্লাহ তাঁর জ্ঞান দিয়ে সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। আরবি মূল পাঠে শেষ শব্দটি “ইলমা” (عِلْمًا), যার সরাসরি অর্থ জ্ঞান। আয়াতটি পোস্টের “আল্লাহর বিষয়টা জ্ঞান নয়, ক্ষমতা” দাবিকে সরাসরি খণ্ডন করে। আল্লাহ এখানে নিজেকে ক্ষমতা আর জ্ঞান দুটোর অধিকারী হিসেবেই পরিচয় দিয়েছেন।
সূরা আল-আনআম, আয়াত ৫৯: অর্থ: তাঁর কাছেই রয়েছে গায়েবের চাবি, তিনি ছাড়া কেউ তা জানে না। স্থলে ও জলে যা কিছু আছে, তিনি তা জানেন। আয়াতের পরের অংশে বলা হয়েছে, এমন একটি পাতাও ঝরে না যা তিনি জানেন না। তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যা অনুযায়ী, আল্লাহর জ্ঞান সবকিছুকে ঘিরে রেখেছে, সমুদ্র ও স্থলের প্রাণীরাও এর বাইরে নয়।
এ ছাড়া আল্লাহর গুণবাচক নামের (আসমাউল হুসনা) একটি হলো “আল-আলিম”, অর্থাৎ সর্বজ্ঞ। আয়াতুল কুরসিতেও (সূরা বাকারা, আয়াত ২৫৫) আল্লাহর জ্ঞানের কথা আছে।
পোস্টের যুক্তির ত্রুটি কোথায়? পোস্টটি মানুষের জ্ঞানের সীমাবদ্ধতাকে আল্লাহর ওপর চাপিয়েছে। মানুষের জ্ঞান অর্জিত, অসম্পূর্ণ, আর ঘটনা ঘটার পরে আসে। তাই পোস্টের যুক্তি হলো, “জ্ঞান” জিনিসটাই আল্লাহর জন্য অনুপযুক্ত। কিন্তু মূলধারার ইসলামি আকিদার ব্যাখ্যা উল্টো: আল্লাহর জ্ঞান মানুষের জ্ঞানের মতো নয়। তা অর্জিত নয়, তার কোনো শুরু বা সীমা নেই, আর তা অতীত-বর্তমান-ভবিষ্যৎ সবকিছুকে ঘিরে আছে। অর্থাৎ সমাধান হলো আল্লাহর জ্ঞানকে সৃষ্টির জ্ঞানের সঙ্গে তুলনা না করা, আল্লাহর জ্ঞানকে অস্বীকার করা নয়।
২. ইবলিস কি সব মানুষের মনের কথা পড়তে পারে?
এখানে বিষয়টা একটু সূক্ষ্ম, আর আলেমদের মধ্যেও মতের পার্থক্য আছে।
যা প্রমাণিত: শয়তান মানুষের খুব কাছে থাকে। বুখারি ও মুসলিমে সাফিয়্যা বিনতে হুয়াই (রা.)-এর সূত্রে বর্ণিত হয়েছে, নবীজি (সা.) বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো চলাচল করে, এবং তিনি আশঙ্কা করেছিলেন শয়তান সাহাবিদের মনে খারাপ ধারণা ঢুকিয়ে দিতে পারে।
আলেমদের এক মত: কিছু আলেমের মতে, এই নৈকট্যের কারণে শয়তান মানুষের ঝোঁক আর কামনা-বাসনা বুঝতে পারে। ইবনে তাইমিয়ার উদ্ধৃতি দিয়ে IslamQA লিখেছে, এই নিরবচ্ছিন্ন নৈকট্যের মাধ্যমে শয়তান জানতে পারে মানুষের মনে কোন ঝোঁক আর কামনা জাগে, তারপর সেগুলোকে আকর্ষণীয় করে দেখায় ও কুমন্ত্রণা দেয়। তবে এই মতের সঙ্গেও একটি শর্ত আছে: আল্লাহর ইচ্ছাতেই শয়তান দেখতে পারে কেউ ভালো বা মন্দ কী করতে চায়।
আলেমদের আরেক মত: অন্য অনেক আলেম এ বিষয়ে আরও সতর্ক। একটি ফতোয়ায় শয়তান মানুষের চিন্তা জানে কি না, এ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেওয়া হয়েছে এভাবে: গায়েবের জ্ঞান শুধু আল্লাহ তাআলার কাছে
পোস্টের দাবি কোথায় সীমা ছাড়িয়েছে: দুই মতের কোনোটিই বলে না যে ইবলিস একাই দুনিয়ার সব মানুষের সব চিন্তা পড়ে নিজের ভান্ডারে জমা করে। হাদিস থেকে বরং জানা যায়, প্রত্যেক মানুষের সঙ্গে আলাদা সঙ্গী থাকে। প্রত্যেক মানুষের সঙ্গে ফেরেশতাদের মধ্য থেকে একজন সঙ্গী এবং শয়তানদের মধ্য থেকে একজন সঙ্গী থাকে। সহিহ মুসলিমে বর্ণিত আরেক হাদিসে আছে, ইবলিস পানির ওপর তার সিংহাসন রেখে নিজের বাহিনী পাঠায়। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করার কাজ করে অসংখ্য শয়তান, ইবলিস একা সবার মনে বসে থাকে না। তাই ইবলিস একাই সব মানুষের মন পড়ে, এমন ধারণার কোনো ভিত্তি নেই। i

৩. জিন বা ইবলিস কি গায়েব জানে?
কুরআন এ বিষয়ে একটি স্পষ্ট ঘটনা দিয়ে উত্তর দিয়েছে। সূরা সাবার ১৪ নম্বর আয়াতে নবী সুলায়মান (আ.)-এর মৃত্যুর ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহ যখন সুলায়মানের মৃত্যু ঘটালেন, তখন একটি মাটির পোকা ছাড়া আর কিছুই জিনদের তাঁর মৃত্যুর খবর দেয়নি, যে পোকাটি তাঁর লাঠি খাচ্ছিল। যখন তিনি পড়ে গেলেন, তখন জিনদের কাছে স্পষ্ট হলো, তারা যদি গায়েব জানত, তাহলে এই অপমানজনক শাস্তিতে পড়ে থাকত না।
তাফসিরকারকেরা এই ঘটনা থেকে স্পষ্ট শিক্ষা নিয়েছেন। জিন ও মানুষ সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে জিনেরা গায়েব জানে না, যেমনটা তারা নিজেরা ভাবত এবং মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করত। আরেকটি তাফসিরে বলা হয়েছে, সুলায়মান (আ.)-এর সময়ে অনেকেই বিশ্বাস করত জিনেরা গায়েব জানে, যেমনটা আজও অধিকাংশ মানুষ বিশ্বাস করে।
ইবলিসও একজন জিন। যে জিনেরা নিজেদের চোখের সামনে একজন নবীর মৃত্যুর খবর জানতে পারেনি, তাদের পূর্বপুরুষ ইবলিস “সব মানুষের সব জ্ঞান রাখে”, এই দাবি কুরআনের এই বর্ণনার সঙ্গে মেলে না।
৪. ইবলিস কি ফেরেশতাদের শিক্ষক ছিল?
পোস্টে সরাসরি না থাকলেও এ ধরনের লেখায় প্রায়ই দাবি করা হয়, ইবলিস একসময় ফেরেশতাদের শিক্ষক বা সবচেয়ে বড় আলেম ছিল। এই ধারণার উৎস যাচাই করা দরকার।
কুরআনে ইবলিসের পরিচয় স্পষ্ট। সূরা কাহাফে বলা হয়েছে, সে ছিল জিনদের একজন; সে তার রবের আদেশ অমান্য করেছিল। বিখ্যাত তাবেয়ি হাসান বসরির বক্তব্য: ইবলিস এক মুহূর্তের জন্যও ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না; আদম (আ.) যেমন মানবজাতির পিতা, ইবলিস তেমনি জিনজাতির পিতা। ইবনে কাসিরের তাফসির অনুযায়ী, তাবারি বিশুদ্ধ সনদে এটি বর্ণনা করেছেন।
ইবলিস ফেরেশতা ছিল বা ফেরেশতাদের মধ্যে উচ্চ মর্যাদায় ছিল, এমন বর্ণনাগুলো নিয়ে ইবনে কাসির সতর্ক করে দিয়েছেন। ইবনে মাসউদ ও ইবনে আব্বাস (রা.)-এর নামে এমন মত বর্ণিত আছে, কিন্তু গবেষণা করে এর কোনো বিশুদ্ধ সনদ পাওয়া যায়নি। ইবনে কাসির এই মত খণ্ডন করেছেন এবং বলেছেন, এটি ইসরাইলিয়াত (ইহুদি ও খ্রিস্টান ঐতিহ্য থেকে আসা বর্ণনা) থেকে নেওয়া।
৫. ইবলিস কি পরকাল নিজের চোখে দেখেছে?
পোস্টে দাবি করা হয়েছে, ইবলিস পরকালের অনেক কিছু নিজের চোখে দেখেছে, তাই তার জ্ঞান মানুষের চেয়ে বেশি। এই দাবির পক্ষে পোস্টে কোনো আয়াত বা হাদিস দেওয়া হয়নি। আদম (আ.)-কে সিজদা করার ঘটনা যে জান্নাতে ঘটেছিল, সেটি কি চিরস্থায়ী জান্নাত, নাকি অন্য কোনো বাগান, তা নিয়েও তাফসিরকারকদের মধ্যে মতভেদ আছে। তাই “ইবলিস পরকাল চোখে দেখেছে, তাই সে মানুষের চেয়ে বেশি জানে”, এমন নিশ্চিত দাবি করার মতো কোনো দলিল নেই।
৬. জ্ঞানের সংজ্ঞাতেই গোলমাল
পোস্টের পুরো যুক্তি দাঁড়িয়ে আছে “জ্ঞান”-এর একটা নিজস্ব সংজ্ঞার ওপর। পোস্টের সংজ্ঞায় জ্ঞান মানে শুধু অতীতের ঘটনা জানা; দক্ষতা, শিক্ষা আর অভিজ্ঞতা জ্ঞান নয়। এই সংজ্ঞায় তিনটি সমস্যা আছে।
- ইসলামি পরিভাষার সঙ্গে মেলে না। ইসলামে “ইলম” শব্দের অর্থ অনেক বিস্তৃত। এর মধ্যে আছে আল্লাহকে চেনা, শরিয়তের বিধান জানা, আর উপকারী সব জ্ঞান। শুধু অতীতের তথ্যকে জ্ঞান বলা ইসলামি ঐতিহ্যে নেই।
- দর্শনের সঙ্গে মেলে না। জ্ঞানতত্ত্বে “কোনো কিছু যে সত্য তা জানা” আর “কীভাবে কিছু করতে হয় তা জানা”, দুটোকেই জ্ঞান ধরা হয়। ক্রিকেট খেলার কৌশল জানাও এক ধরনের জ্ঞান।
- বাস্তবের সঙ্গেও মেলে না। পোস্টে বলা হয়েছে, ভবিষ্যৎ সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নেই। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা বহু বছর আগেই সূর্যগ্রহণের নির্ভুল সময় বলে দিতে পারেন। এটা গায়েব জানা নয়, প্রকৃতির নিয়ম জানার ফল। তবে ভবিষ্যতের যে বিষয়গুলো একান্তই আল্লাহর জ্ঞানে, যেমন কিয়ামতের সময়, সেগুলো কেউ জানে না।
জগদীশ বসু প্রসঙ্গে একটি সংশোধন: পোস্টে বলা হয়েছে, জগদীশ বসু “গাছের প্রাণ আছে” আবিষ্কার করেছিলেন। কথাটা জনপ্রিয় হলেও নির্ভুল নয়। গাছ যে জীবিত, তা জীববিজ্ঞান আগে থেকেই জানত। বসুর আসল অবদান ভিন্ন। তিনি নিজের আবিষ্কৃত যন্ত্র ক্রেস্কোগ্রাফ দিয়ে বিভিন্ন উদ্দীপনায় গাছের সাড়া মেপেছিলেন এবং প্রাণী ও উদ্ভিদের কলার মধ্যে সাদৃশ্য প্রমাণ করেছিলেন। তাঁর যন্ত্র কতটা সূক্ষ্ম ছিল, তা তিনি নিজেই লিখে গেছেন: ব্যালান্সড ক্রেস্কোগ্রাফ দিয়ে প্রতি সেকেন্ডে এক ইঞ্চির ১০০ কোটি ভাগের এক ভাগ পর্যন্ত বৃদ্ধির হারের পরিবর্তন মাপা যেত।
আসল শিক্ষা: ইবলিসের সমস্যা জ্ঞানের অভাব ছিল না
ইবলিস কতটা জ্ঞানী, এই প্রশ্নের চেয়ে কুরআন বেশি গুরুত্ব দিয়েছে অন্য একটি বিষয়কে: তার পতন হয়েছিল কেন। কুরআনের বর্ণনায় ইবলিস আদম (আ.)-কে সিজদা করতে অস্বীকার করে, কারণ সে মনে করেছিল আগুনের তৈরি বলে সে মাটির তৈরি আদমের চেয়ে শ্রেষ্ঠ (সূরা আরাফ, আয়াত ১২)। অর্থাৎ তার পতনের কারণ জ্ঞানের অভাব নয়, অহংকার আর আল্লাহর আদেশ অমান্য করা।
এখানেই একজন মুমিনের জন্য আসল শিক্ষা। জ্ঞান যত বেশিই হোক, বিনয় আর আনুগত্য না থাকলে তা মানুষকে রক্ষা করতে পারে না। আর শয়তানের প্রভাব থেকে বাঁচার পথও হাদিসে বলা আছে। IslamQA-এর ব্যাখ্যায় বলা হয়েছে, মুমিনের উচিত আল্লাহকে ভয় করা, আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের মাধ্যমে শয়তানকে প্রতিহত করার চেষ্টা করা, এবং শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাওয়া
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
আল্লাহর পরে কি ইবলিস সবচেয়ে জ্ঞানী?
কুরআন বা সহিহ হাদিসে এমন কোনো কথা নেই। কুরআন বরং বলেছে, জিনেরা গায়েব জানে না।
ইবলিস কি ফেরেশতা ছিল?
কুরআনে (সূরা কাহাফ, আয়াত ৫০) বলা হয়েছে, সে জিনদের একজন। ফেরেশতা হওয়ার বর্ণনাগুলোকে ইবনে কাসির ইসরাইলিয়াত বলেছেন।
শয়তান কি মানুষের মনের কথা জানে?
শয়তান মানুষের খুব কাছে থাকে আর কুমন্ত্রণা দেয়, এটা সহিহ হাদিসে প্রমাণিত। মন কতটা জানে, তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। তবে সে গায়েব জানে না, আর সব মানুষের সব চিন্তা জানে, এমন দলিলও নেই।
আল্লাহর কি জ্ঞান আছে, নাকি শুধু ক্ষমতা?
দুটোই আছে। সূরা তালাকের ১২ নম্বর আয়াতে আল্লাহর ক্ষমতা আর সর্বব্যাপী জ্ঞান দুটোকেই একসঙ্গে উল্লেখ করা হয়েছে।
সূত্র
- Quran.com: সূরা আত-তালাক ৬৫:১২
- Quran.com: সূরা আল-আনআম ৬:৫৯
- Legacy Quran.com: সূরা আল-আনআম ৬:৫৯ (সহিহ ইন্টারন্যাশনাল অনুবাদ)
- Quran.com: তাফসির ইবনে কাসির, ৬:৫৯
- Quran.com: সূরা সাবা ৩৪:১৪ (সহিহ ইন্টারন্যাশনাল অনুবাদ)
- Quran.com: তাফসির, সূরা সাবা ৩৪:১৪
- Tohed: তাফসির, সূরা সাবা ৩৪:১৪
- Sunnah.com: রিয়াদুস সালেহিন ১৮৪৯ (বুখারি ও মুসলিম)
- IslamQA: Does the Devil Know the Thoughts and Intentions of Man?
- IslamQA.org: Does shaytaan have access to our thoughts?
- IslamQA: Iblees Was Not One of the Angels
- Islamweb: Refuting reports that Iblees was an angel
- Alukah: Is Iblis a Jinn or an Angel?
- Wikipedia: Jagadish Chandra Bose
- Project Gutenberg: J. C. Bose, Life Movements in Plants, Vol. II (1919)



